জামায়াত নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে চায় বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শনিবার (২৩ মে) রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে এসব কথা বলেন তিনি।
সেলিম উদ্দিন বলেন, ‘জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল। আমরা নগরজীবনের সব সমস্যার সমাধানের চেষ্টা ও স্বাস্থ্যসেবা নিয়ে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি। সে ধারাবাহিকতায় মাঝে মধ্যেই আমরা ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করি। আগামী দিনে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নগরীর প্রতিটি সংসদীয় আসন ও ঢাকা উত্তর সিটির ওয়ার্ডে ওয়ার্ডে এ ধরনের ফ্রি ক্যাম্প পরিচালনা করা হবে।’
তিনি আরো বলেন, ‘উত্তরায় জামায়াতের এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ১৫টি সেবা বিভাগের প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাবেন।’
তিনি সরকারি চিকিৎসাসেবায় অব্যবস্থাপনার কথা উল্লেখ করে বলেন, ‘দেশের সরকারি চিকিৎসাসেবা যথাযথ না হওয়া এবং বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ব্যয়ের কারণে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আমরা সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।’
তিনি গণমানুষের দুর্দশা লাঘবে সমাজের সক্ষম মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান সেলিম উদ্দিন।
তিনি বলেন, ‘জামায়াত ডিএনসিসিতে সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজ করতে অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড ব্যাংক, অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এমনকি ইমার্জেন্সি কলের মাধ্যমে রোগীর বাসায় ডাক্তার পৌঁছে দেয়ার ব্যবস্থাও করা হচ্ছে। দেশের চিকিৎসা খাতে বাজেট অন্যান্য দেশের তুলনায় কম হলেও বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে মানুষকে বিনা চিকিৎসায় কষ্ট পেতে হবে না।’
স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ ও আসন্ন বাজেটে চিকিৎসা খাতে বরাদ্দ বাড়াতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
এ সময় চিকিৎসক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা: জিহাদ খান ও ডা: হাসান বান্নাসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আরো উপস্থিত ছিলেন জামায়াত উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুুবুল আলম, উত্তরা পশ্চিম থানার আমির মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণের আমির আবু বকর সিদ্দিক, উত্তরখান পূর্বের আমির ইসরাইল হোসেন, তুরাগ মধ্য থানার নায়েবে আমির কামরুল হাসান, মহানগরী যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ ও ডা: শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ।



