সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দায়িত্বগ্রহণ করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বগ্রহণ করেন। নবনিযুক্ত প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক, সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।
দায়িত্বগ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সবাইকে নিয়ে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। নগরবাসীর সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। অগ্রাধিকার ভিত্তিতে মশামুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে চাই।
তিনি বলেন, নতুন মন্ত্রিসভায় সিলেটের দুজন মাননীয় মন্ত্রী রয়েছেন। শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা নিয়ে নগরবাসীর সর্বোচ্চ সেবা ও উন্নয়ন নিশ্চিত করব।
এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। দুপুরে নগর ভবনে পৌঁছালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সচিব বিশ্বজিত দেব ফুল দিয়ে নবনিযুক্ত প্রশাসককে স্বাগত জানান।
দায়িত্বগ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব বিশ্বজিত দেবসহ করপোরেশনের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেলা আড়াইটায় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিসিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে সরকার সিলেটসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয়। এর ধারাবাহিকতায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পান জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।



