ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে অন্তত আটজন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
আহতরা হলেন অর্প (২০), মুন্না (৩৫), নয়ন শেখ (৩৬), মো: আলী মিয়া শেখ (৪৭), ফারুক হোসেন (৪০), শিউলী আক্তার (৩০), খান মৌসুমী ফেরদৌস (৩৯), হামিদুল ইসলাম (২৫)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম নয়া দিগন্তকে জানান, রাত ১২টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে সংবাদ আসে, শ্রীনগর উপজেলার উমপাড়ানামক স্থানে সাতক্ষীরা থেকে আসা ঢাকামুখী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একইমুখী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে বাসের আটজন যাত্রী আহত হন।
সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশীদ নয়া দিগন্তকে জানান, ইমাদ পরিবহনের বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি সাথে সাথে চলে যায়। দুর্ঘটনায় কয়েকজন বাসযাত্রী আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
কারো কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।



