কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত, মা আহত

শহিদুল ইসলাম বিশ্বাস তার স্ত্রী মুসলিমা খাতুন, ছেলে মোস্তাকিম ও পরিবারের সদস্যদের নিয়ে ইজিবাইকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাঁশতলা বাজার অভিমুখী দ্রুতগতির একটি ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

Location :

Satkhira
সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, মা আহত
সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, মা আহত |প্রতীকী ছবি

সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোস্তাকিম হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুটির মা মুসলিমা খাতুন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোস্তাকিম হোসেন উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শহিদুল ইসলাম বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম বিশ্বাস তার স্ত্রী মুসলিমা খাতুন, ছেলে মোস্তাকিম ও পরিবারের সদস্যদের নিয়ে দক্ষিণশ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে অবস্থিত এক আত্মীয়ের বাড়ি থেকে ইজিবাইকে নিজ বাড়িতে ফিরছিলেন। তারা মুকুন্দমধুসুদনপুর চৌমুহনী-সরদারপাড়া সড়কের মধ্যবর্তী স্থানে পৌঁছালে বাঁশতলা বাজার অভিমুখী দ্রুতগতির একটি ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোস্তাকিম হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া হাত ভেঙে যাওয়াসহ গুরুতর আহত হন শিশুটির মা মুসলিমা খাতুন।

জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা চালককে মারধর ও ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ চালক আলামিন হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত শিশুর লাশ, দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালককে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।