স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই

‘নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করবেন।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
সাংবাদিকদের সাথে কথা বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সাংবাদিকদের সাথে কথা বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম |নয়া দিগন্ত

উপজেলা পরিষদ ও পৌরসভায় নতুন করে প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ‘শিগগিরই এসব প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করা হবে।’

বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন এলাকায় একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করবেন।’

তিনি আরো বলেন, ‘প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজে অ্যাপ্রোচ সড়ক না থাকায় তা ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমস্যার সমাধানে কাজ করবে।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, সাবেক এমপি আমিনুল ইসলাম ও জেলা প্রশাসক (ডিসি) আবু সালেহ মুসাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।