পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর ও পৌরসভা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বনজ ও ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কার্যক্রম শুরু করা হয়।
ধামরাই উপজেলা প্রশাসন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান, বন কর্মকর্তা নুরুজ্জামান, ধামরাই উপজেলা সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদারসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে দেশকে সবুজায়নের দিকে এগিয়ে নিতে হবে।
তিনি খালি জায়গায় বনজ, ফলজ ও ওষুধি গাছ রোপণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, পরিবেশ রক্ষায় দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



