বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন শাখার সভাপতি বেলাল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন বেলাল হোসেন। প্রথমে তাকে সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে নেয়া হলে দিবাগত রাত ২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
এক শোকবার্তায় মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘মরহুম বেলাল হোসেন ছিলেন ইসলামী আন্দোলনের একজন পরীক্ষিত ও সক্রিয় কর্মী। বিগত সময়ে জেল-জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং নানা মামলা-হামলা সহ্য করেও তিনি দীন প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। তার অবদান দলের নেতাকর্মীরা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
তিনি মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধারণ করার তৌফিক কামনা করেন।



