বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর ৫৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সাতাইশ স্কুল মাঠে এই আয়োজন করা হয়।
ওয়ার্ড জামায়াতের আমির আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের শিক্ষা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় বাস্তবায়ন করতে হবে। তিনি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ড. হাফিজুর রহমান বলেন, রমজান মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এবং সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। তিনি সমাজে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমির মো: আনোয়ার হোসেন ভূইয়া, মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসেন, সাতাইশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: কামরুজ্জামান মামুন, টঙ্গী তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসা বালিকা শাখার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, মো: বিন ইয়ামিন, ওয়ার্ড কাউন্সিল প্রার্থী ডা: সজীব খান, ওয়ার্ড জামায়াতের কর্মপরিষদ সদস্য সাঈদ আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।



