ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

চুয়াডাঙ্গায় টয়লেট্রিজ কারখানা বন্ধ, ১ লাখ টাকা জরিমানা

অভিযানের বিষয়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে ভেজাল ও অবৈধ পণ্যের উৎপাদন বন্ধে চুয়াডাঙ্গা জেলায় এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

Location :

Chuadanga
অনুমোদনহীন টয়লেট্রিজ পন্য উৎপাদনের বিরুদ্ধে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর
অনুমোদনহীন টয়লেট্রিজ পন্য উৎপাদনের বিরুদ্ধে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ও মোড়কে ভুয়া তথ্য ব্যবহার করে টয়লেট্রিজ পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে ‘হেনা কনজুমার প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৩ আগস্ট) বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার পিয়ারাতলা (মনোহরপুর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পিয়ারাতলা এলাকার ওই প্রতিষ্ঠানে তদারকি অভিযান চালানো হয়।

বিএসটিআই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই পণ্যের প্যাকেটে মিথ্যা তথ্য দিয়ে প্রতিষ্ঠানটি হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট ও টায়ার জেলসহ বিভিন্ন টয়লেট্রিজ সামগ্রী তৈরি করে আসছিল।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: মাসুদ রানাকে এক লাখ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি আইনগত বৈধ কাগজপত্র দাখিল না করা পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

অভিযানের বিষয়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে এবং ভেজাল ও অবৈধ পণ্যের উৎপাদন বন্ধে চুয়াডাঙ্গা জেলায় এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চুয়াডাঙ্গা জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও মেহেরপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।