কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন শর্মিলা খাতুন (২৩) নামের এক তরুণী গৃহবধূ। স্বামীর সাথে ঝগড়ার পর মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের যদুবয়রা গড়াই ব্রিজ নদে তিনি ঝাঁপ দেন বলে জানা যায়।
তিনি কুষ্টিয়া সরকারি কলেজের বিএসসি (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঘুরতে এসে দেখেন শর্মিলা খাতুন ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে তিনি কলেজ ব্যাগ সেতুর উপর রেখে নদীতে ঝাঁপ দেন। দৌড়ে এসে তারা দেখতে পান প্রবল স্রোতে ভেসে যাচ্ছেন শর্মিলা। পরে তারা ব্যাগে থাকা আইডি কার্ড থেকে পরিবারের ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন। এছাড়া তারা পুলিশের জরুরি পরিষেবা নম্বরেও ফোন করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন। তবে রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ গৃহবধূর স্বামী আশিকুর রহমান বলেন, ‘সকালে আমার সাথে শর্মিলার ঝগড়া হয়। পরে সে রাগান্বিত অবস্থায়ই পরীক্ষা দিতে কলেজে যায়। এরপর বাড়ি না ফিরলে হাসপাতাল, পার্কসহ বিভিন্ন বাজারে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া পায়নি। রাতে একজন ফোন করে জানায় শর্মিলা নদীতে ঝাঁপ দিয়েছে।’
কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘খুলনা ডুবুরি দলকে জানানো হয়েছে। তারা এসে উদ্ধার অভিযান শুরু করবেন।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘শর্মিলা নামে এক কলেজশিক্ষার্থী নদে ঝাঁপ দিয়েছেন। ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ করছে। প্রাথমিকভাবেভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার উদ্দেশ্য তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন।’



