নোয়াখালী অফিস
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান এবং পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি।
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ব পরিবেশ দিবস শুধু আনুষ্ঠানিকতা পালনের দিন নয়; পরিবেশ সংরক্ষণে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি ক্যাম্পাসকে একটি ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তুলতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য বর্জন এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান। একই সাথে তিনি জানান, আগামী ৫০ বছরের কথা বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়ের একটি মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে। এ পরিকল্পনায় সৌরবিদ্যুতের ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ, বর্জ্যমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং পরিকল্পিত বৃক্ষরোপণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।



