পটুয়াখালীর কুয়াকাটার ফাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বসবাসের কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা ও সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলীকা পারভিন এবং তার স্বামী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুর রব সিদ্দিকী প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ দখল করে বসবাস করছেন। শ্রেণিকক্ষের বেঞ্চ, টেবিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ব্যবহার করে কক্ষটিকে বসবাস উপযোগী করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানায়, পাঠদান চলাকালীন সময়েও ওই কক্ষে রান্নাবান্না, কাপড় ধোয়া ও অন্যান্য গৃহস্থালির কাজ করা হয়। এতে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশও নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, বিদ্যালয় হলো শিশুদের শিক্ষাগ্রহণের পবিত্র স্থান। সেখানে শ্রেণিকক্ষে বসবাসের কারণে শিক্ষার্থীরা যেমন অস্বস্তিতে পড়ছে, তেমনি পাঠদানের পরিবেশও ব্যাহত হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।
তবে সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুর রব সিদ্দিকীর প্রভাবের কারণে অনেক শিক্ষক ও অভিভাবক প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না বলেও জানা গেছে। তারা প্রশাসনের হস্তক্ষেপে শ্রেণিকক্ষটি পুনরায় শিক্ষার্থীদের পাঠদানের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, ‘বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’



