ঝিনাইদহের শৈলকুপায় সারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন কৃষকরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার শুভ এন্টারপ্রাইজ থেকে সার নিতে আসেন স্থানীয় কৃষকরা। তবে ডিলারের পক্ষ থেকে সার দিতে অস্বীকৃতি জানানো হলে ক্ষুব্ধ কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন।
এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা ।
কৃষক আলিমুল ইসলাম জানান, সারের জন্য সকাল থেকেই তারা ডিলারের দোকানের সামনে অবস্থান করছিলেন। সকাল ১০টার পর ডিলারের কর্মচারীরা এসে জানান, ওই দিন কৃষকদের সার দেয়া হবে না।
তিনি বলেন, সার না দেয়ায় কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারের লোকজন ঘটনাস্থলে এসে সার দেয়ার আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথেই উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সার বিতরণ শুরু হলে কৃষকরা অবরোধ তুলে নেন।’



