কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মামার ছুরিকাঘাতে সবুজ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ঈদের দিন বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ৫ নম্বর যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সবুজ মিয়ার মা স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর ছেলে সবুজকে নিয়ে তার বাবা মো: সৈয়দ আলীর বাড়িতে বসবাস করতেন।
নিহতের নানা মো: সৈয়দ আলী জানান, আজ বিকেলে তার ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও নাতি সবুজ মিয়ার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে মামা সাইফুল ইসলাম ধারালো চাকু দিয়ে সবুজ মিয়াকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।



