মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো: শওকতুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি মো: শওকতুল ইসলাম।
তিনি বলেন, ‘থানাতে কোনো দালালি চলবে না। ওসি, অতিরিক্ত পুলিশ সুপারের অফিসে বসে কোনো ধরনের তদবির, দালালি চলবে না। বিশেষ করে তুচ্ছ ঘটনায় মামলা গ্রহণ বন্ধ করতে হবে। ইউনিয়ন পর্যায়ে কোনো ঘটনা ঘটলে আপস-মীমাংসার মাধ্যমে সমাধানের চেষ্টা করার জন্য ওসির প্রতি আহ্বান জানাচ্ছি।’
যে সমস্ত চা বাগানে স্কুল নেই, সেই চা বাগানগুলোতে পর্যায়ক্রমে স্কুল স্থাপন এবং যে যে স্কুলগুলোতে শিক্ষার্থীদের বসার ডেক্স বা বেঞ্চ সমস্যা, সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন এমপি শওকতুল ইসলাম।
রমজানে সেহরী ও ইফতারের সময় বিদ্যুৎব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে পিডিবির নির্বাহী প্রকৌশলী মো: শাহাদাৎ হোসেনকে নির্দেশ প্রদান করেন তিনি।
তিনি বলেন, ‘উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দকে সময়মতো অফিসে আসতে এবং অফিস টাইমে সাধারণ মানুষ যাতে কর্মকর্তাদের অফিসে পান সে মোতাবেক অফিসাররা কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেবেন।’ তাছাড়া উপজেলার সবকটি অফিসের আন্ডারে যে যে সমস্যা বিদ্যমান সেগুলো লিখিত আকারে তাকে অবহিত করার জন্য অনুরোধ জানান এমপি।
৫ আগষ্টের পর কুলাউড়া উপজেলায় যে সরকারি বরাদ্দ এসেছে, তার কতটুকু বাস্তবায়ন হয়েছে আর কতটুকু বাস্তবায়নের অপেক্ষায় আছে তা ইউওনওকে বিস্তারিত অবহিত করতে আহ্বান জানান এমপি শওকতুল ইসলাম। এছাড়া তিনি কুলাউড়াকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিনুল ইসলাম, কুলাউড়া স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাকির হোসেন, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মাসুদ, কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা পশু সম্পদ অফিসার নিবাস চন্দ্র পাল, পিডিবির নির্বাহী প্রকৌশলী মো: শাহাদাৎ, নির্বাচন অফিসার মোশাররফ হোসেন, সমবায় অফিসার সোনা মোহন বিশ্বাস, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো: মহসিন, প্রাথমিক শিক্ষা কমকর্তা খোরশেদ আলম, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলসহ প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ।



