বক্তব্য প্রত্যাহার না করলে হাসনাতকে কুমিল্লায় ঢুকতে দেবে না বিএনপি

‘হাসনাত আব্দুল্লাহ বর্তমানে ‘কিংস পার্টি’ খ্যাত এনসিপির মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্যদল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়।’

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
সংবাদ সম্মেলনে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দ
সংবাদ সম্মেলনে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দ |নয়া দিগন্ত

‘বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে’ হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির কুমিল্লার নেতারা। সোমবার (১৯ মে) কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া বলেন, গত ১৬ মে কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ (এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক) বলেছেন, কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। তার এ বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।’

তিনি বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ বর্তমানে ‘কিংস পার্টি’ খ্যাত এনসিপির মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্যদল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।’

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম ভূঁইয়া বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ না করে এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা না চায় তাহলে তাকে কুমিল্লায় কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না। তাকে কুমিল্লার মাটিতে পা রাখতে দেয়া হবে না। কিন্তু আমরা তাকে এখনো অবাঞ্ছিত ঘোষণা করিনি। আমরা স্পেস খালি রেখেছি। যদি বিএনপির কাছে ক্ষমা না চায় তাহলে অবাঞ্ছিত করা হবে।’

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এ সকল ছেলেমানুষী নেতাদের রাজনীতির মাঝে নামিয়ে সরকারকে বিতর্কিত করছেন। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যত বিলম্বিত করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে। জনগণ চায় নির্বাচন।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য আমিন-উর-রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিএনপির জেলা ও মহানগরের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করতো, এখন এসেও স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করছে। এটা আমাদের ব্যর্থতা।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগের যে ডোনার, আওয়ামী লীগের অর্থব্যবস্থা, সেটা এখনো অক্ষত। আমি কুমিল্লায় আছি, যে উপজেলায় আছি, সেই উপজেলায় বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে।’