কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় ডোবার পানিতে ডুবে জুনাইরা ও তাসলিমা নামে ১৮ মাস বয়সি জমজ দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার কাছিয়া পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু কাছিয়া পুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জুনাইরা ও তাসলিমা বাড়ির পাশে খেলছিল। এসময় পরিবারের সদস্যদের অজান্তে তারা বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা ডোবার পানিতে দুই শিশুকে ভাসতে দেখে উদ্ধার করে।
পরে তাদেরকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জেনেছি। বিস্তারিত জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



