নওগাঁর সাপাহারে ট্রাকের ধাক্কায় মহিদুল ইসলাম (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাপাহার বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিদুল ইসলাম মহাদেবপুর উপজেলার ধনজইল উচ্চ বিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক ও হরিপুর গ্রামের সোলাইমানের ছেলে।
জানা যায়, মহিদুল ইসলাম স্কুল ছুটির পর তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে সাপাহার বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ট্রাকের সাথে ধাক্কায় মাথায় আঘাত পেয়ে তিনি রাস্তায় ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আজিজ বলেন, দুর্ঘটনার পর শিক্ষককে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, এ ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের কেউ থানায় মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



