মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১ নম্বর নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাচদোনা গ্রামে আট বছরের শিশু আদিবা ইসলাম হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে আধারা থেকে একটি মিছিল নিয়ে দুই মাইল দূরে মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের নায়েরগাঁও বাজার ব্রিজ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধন কমসূচিতে বক্তব্য রাখেন নিহত শিশু আদিবার মা শামিমা আক্তার, ভাই মঈন আহম্মেদ, মামা ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আলাউদ্দিন আলাল, ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) হুমায়ুন কবির, শিক্ষিকা প্রিয়া সরকার, শিক্ষক জহিরুল ইসলাম, মো: শাহিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে হত্যা মামলার আসামি শুকুর আলীকে গ্রেফতারসহ সকল আসামির ফাঁসির দাবি জানিয়েছেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘এ মামলার চার্জশিট আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত তিন আাসামি জেলহাজতে রয়েছে। পলাতক আসামি শুকুর আলীকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গত বছরের ২০ জানুয়ারি সৌদি প্রবাসী আলাউদ্দিনের মেয়ে স্থানীয় আধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী আদিবা (৮) নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পর ২৪ জানুয়ারি পাশের বাড়ির পুকুর পাড়ের নির্জন স্থানে খরের স্তূপের নিচ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ২১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় তার মা শামীমা আক্তার একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ইমন, ইয়াসিন ও আওয়াল নামের তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায়। ৪ নম্বর আসামি শুকুর আলী পলাতক রয়েছে।



