নাটোরের বাগাতিপাড়ায় সাপের দংশনে পান্না বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের টেটনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পান্না বেগম ওই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী ও জিন্নাত আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো রোববার খুব সকালে পান্না বেগম বাড়ির পাশের চায়ের দোকান খোলার জন্য যান। দোকানের সামনে ঝাড়ু দেয়ার সময় হঠাৎ কিছু একটা তাকে কামড় দেয়। সাপের কামড় সন্দেহে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সাপ পাওয়া যায়নি। পরে বিষয়টিকে পাত্তা না দিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে থাকেন।
কিছুক্ষণ পরে অসুস্থ বোধ করলে সকাল ৮টার দিকে তার স্বামী অটোভ্যানে করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক পান্না বেগমকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের ওই এলাকার মেম্বার জনাব আলী সাপের দংশনে পান্না বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



