শিশু রামিসাকে নৃশংস হত্যার প্রতিবাদ, অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় উদ্বেগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করার ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে নারী ও শিশুদের নিরাপত্তা আরো হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি জোর দাবি জানান। একই সাথে সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যা ও নারী-শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর বিচারের দাবি তোলেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। “নারী নির্যাতন বন্ধ কর”, “ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই” এবং “রামিসা হত্যার বিচার চাই” স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
এ সময় শিশুদের হাতে “আমার নিরাপত্তা কোথায়, আমার সুরক্ষা কোথায়” লেখা প্ল্যাকার্ডও দেখা যায়।
কর্মসূচি শেষে আয়োজকরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধনে ইসলামী ছাত্রীসংস্থার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ নারীরা অংশ নেন।



