এইচএসসির ফরম ফিলাপের দাবি

আশুলিয়ায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বুধবার (০৪ মার্চ) বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আশুলিয়ার জিরানী বাজার-আমতলা আঞ্চলিক সড়কের আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের সামনে সড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় সড়কের উভয় পাশে তীব্র জানযটের সৃষ্টি হয়।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)
আশুলিয়ার জিরানী বাজার-আমতলা আঞ্চলিক সড়কে শিক্ষার্থীদের অবরোধ
আশুলিয়ার জিরানী বাজার-আমতলা আঞ্চলিক সড়কে শিক্ষার্থীদের অবরোধ |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের দাবি জানিয়ে একটি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় ওই সড়ক তারা প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে।

বুধবার (০৪ মার্চ) বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আশুলিয়ার জিরানী বাজার-আমতলা আঞ্চলিক সড়কের আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের সামনে সড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় সড়কের উভয় পাশে তীব্র জানযটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের শিক্ষার্থী তারা। নির্বাচনী পরীক্ষায় যে সকল শিক্ষার্থী এক বিষয় কিংবা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের প্রত্যেকের কাছ ৭ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পরবর্তীতে যারা আবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদের কারো ফরম ফিলাপ করানো হবে না বলে জানায় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা এ দাবি মেনে না নিয়ে কলেজের সামনের সড়কে বসে পড়ে এবং দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন। শিক্ষার্থীদের নানা ভয়-ভীতি ও হুমকি দিয়েছে বলেও অভিযোগ করে তারা। পরে স্থানীয় শিমুলিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মালেক এবং স্থানীয় যুবদল নেতৃবৃন্দের অনুরোধে সড়ক থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

এব্যাপারে চেষ্টা করেও কলেজ কর্তৃপক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।