৪ লেবুর দামে মিলছে ২ কেজি চাল

পবিত্র মাহে রমজানকে ঘিরে লেবুর বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে চায়না, দেশী ও এলাচি লেবুর দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Lalmonirhat
দেশী লেবু
দেশী লেবু |সংগৃহীত

পবিত্র রমজান মাস শুরু হতেই লালমনিরহাটের বাজারে কাঁচামালসহ শাকসবজি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা গেছে। বর্তমান হাট-বাজারে এক হালি তথা চারটি লেবুর দামে দুই কেজি চাল কিনতে পাওয়া যাচ্ছে। সাধারণ ক্রেতাদের অভিযোগ, ইফতারে লেবুর শরবতের চাহিদাকে পুঁজি করে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে।

জানা গেছে, পবিত্র মাহে রমজানকে ঘিরে লালমনিরহাটে লেবুর বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে চায়না, দেশী ও এলাচি লেবুর দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। শহরের সেনামৈত্রী হকার্স মার্কেট, গোশলা বাজার, বিডিআর হাটে লেবু প্রতি হালি (চারটি) বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। প্রথম রোজার দিনেও ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। আর একটি ছোট আকারের লেবু কিনতে লাগে ২০ থেকে ২৫ টাকায় ঘোরাঘুরি করছে। রমজান মাসে ইফতারে লেবুর শরবত অন্যতম প্রধান পানি। ধনী-গরিব নির্বিশেষে সবার কাছে ইফতারে লেবুর শরবতের চাহিদা থাকে। দাম চড়ার ফলে লেবু ক্রেতাও কমেছে। এক হালি লেবু ১২০ টাকায় তুলনামূলকভাবে চালের কেজি ৫০ থেকে ৬০ টাকা হিসেবে দুই কেজি চাল কিনতে পাওয়া যায়।

তাছাড়াও শসার দামও আকাশ ছোঁয়া। শসা কেজি প্রতি ৮০ টাকা, আলু ১২ থেকে ১৪ টাকা, ফুলকপি ৩০ টাকা, সিম ৮০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, করলা ২৪০ টাকা, গাজর ৫০ টাকা, টমেটো ৫০ টাকা, চিনি ১০০ থেকে ১১০ টাকা, মুড়ি ৮০ থেকে ৯০ টাকা, সয়াবিন তেল লিটারপ্রতি ১৯৬ টাকা, রসুন পাইকারিতে ১৫০, আদা ১৫০ টাকা, পেঁপে ৪০ টাকা। সেই সাথে শাকসবজি কেজি প্রতি লালশাক ৫০ টাকা, পুঁইশাক ৬০ টাকা, পালং শাক ৬০ টাকা, ধনিপাতা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে কাচাঁমাল বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে লালমনিরহাটের বাজারে বড় বড় হাট-বাজার এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টও পরিচালিত হয়ে আসছেন। তারপরেও কমছে না কাঁচামাল সহ শাকসবজি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা গেছে।

বিডিআর হাটের ক্রেতা মাহবুবুর রহমান বলেন, ‘রমজান এলেই সব পণ্যের দাম বেড়ে যায়। আমার এই জীবনে কোনো দিন লেবু হালি ১২০ টাকা কিনে খাইনি। ১২০ টাকায় দুই কেজি চাল কিনতে পাওয়া যায়। রোজায় এবার লেবুর বেশি দামের কারণে ইফতার থেকে লেবুর শরবত বাদ দিয়েছি। তাছাড়াও শসা, বেগুনের যে দাম—মনে হচ্ছে গলা কাটা হচ্ছে। রমজানের শুরু থেকে প্রতিটি কাঁচামালের বাজার মূল্য নিয়ন্ত্রণহীনভাবে ২০ থেকে ৩০ টাকা বেড়ে গেছে।’

সেনামৈত্রী হকার্স মার্কেটের লেবু ব্যবসায়ী রফিকুল বলেন, ‘পাইকারি বাজারে সরবরাহ কম ও চাহিদা অনেক বেশি থাকায় দাম বাড়ছে। প্রতি পিস লেবু কিনতেই আমাদের ১৭ থেকে ১৮ টাকা পড়ছে, তাহলে আমরা বিক্রি করব কত টাকায়? তাছাড়া এখন লেবুর পুরোপুরি মৌসুমও নয়। রমজান উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় চাষিরাই মূলত দাম বেশি নিচ্ছেন।’

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. মো: সাইখুল আরিফিন বলেন, ‘লালমনিরহাটে খুব বেশি পরিমাণে লেবুর উৎপাদন বা ফলন হয় না। যেসব গাছ রয়েছে সেগুলোতে এখন ফুল ধরছে। পরিপূর্ণ লেবু উত্তোলন করতে আরো অন্তত এক মাস সময় লাগতে পারে। তাই বাজারে সরবরাহ না থাকায় লেবুর দাম বেড়েছে।’