ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব শরীফ আল মোমিনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ফ্রান্সের ওপিতাল ওলনে সু বোয়া’তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শনিবার সন্ধ্যায় আকস্মিক ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত মোমিন চট্টগ্রামের বাসিন্দা ছিলেন এবং এমসি ইনস্টিটিউট ও অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ছিলেন।
মোমিন দীর্ঘদিন ফ্রান্সে বিভিন্ন সামাজিক, মানবিক ও কমিউনিটিভিত্তিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সংযোগ বৃদ্ধিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আশির দশকে উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে এসে সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর কিছুদিন গণমাধ্যমে কাজ করেন। পরে ব্যবসায় মনোনিবেশ করে নব্বই দশকের মাঝামাঝি সময়ের মধ্যে প্যারিসে একজন সফল বাংলাদেশী ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ব্যবসার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি।
সম্প্রতি তার নেতৃত্বে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় এমসি ইনস্টিটিউট। আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এ উদ্যোগকে একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এমসি ইনস্টিটিউটের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রমে মোমিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিষ্ঠানটির তৃতীয় ধাপে নামাজের স্থান তৈরির উদ্যোগও তার পরিকল্পনার অংশ ছিল। মৃত্যুর আগ পর্যন্ত এ কাজের অগ্রগতি নিয়ে তিনি সক্রিয় ছিলেন।
শরীফ আল মোমিনের ঘনিষ্ঠজনেরা জানান, প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সম্প্রসারণ ও নতুন কিছু সামাজিক উদ্যোগ নিয়ে তার আরো পরিকল্পনা ছিল।
তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা ব্যক্তিরা তাকে আন্তরিক, পরোপকারী ও দক্ষ সংগঠক হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার আগ্রহ ছিল প্রবল। নতুন কোনো উদ্যোগ বাস্তবায়নে তিনি ব্যক্তিগতভাবে সময় ও শ্রম দিতেন বলে জানায় তার সহকর্মীরা।
তার মৃত্যুতে বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ), এমসি ইনস্টিটিউট, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন শোক প্রকাশ করেছে। সংগঠনগুলোর পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


