কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা, নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

রোববার (২২ মার্চ) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Cumilla
কুমিল্লায় দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাস-ট্রেন ঘিরে উৎসুক জনতা
কুমিল্লায় দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাস-ট্রেন ঘিরে উৎসুক জনতা |সংগৃহীত

কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহতের ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।

রোববার (২২ মার্চ) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।

এছাড়া জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। এই ধাক্কায় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রথমে ৭ জনের লাশ উদ্ধার করা হলেও নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২। ঘটনার পর টানা ৫ ঘণ্টা চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।