কাপাসিয়ায় আলোচনার পর বাসভাড়া হ্রাস

নতুন ভাড়ার টিকিট এখনও মুদ্রণ সম্পন্ন না হওয়ায় আপাতত পুরোনো টিকিটে বিশেষ সিল ব্যবহার করে সংশোধিত ভাড়া কার্যকর করা হবে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
অনন্যা ক্ল্যাসিক পরিবহন
অনন্যা ক্ল্যাসিক পরিবহন |নয়া দিগন্ত

গাজীপুরের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে কাপাসিয়া রুটে চলাচলকারী তিনটি বাসের ভাড়া কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশপাশের উপজেলার তুলনায় কাপাসিয়া রুটে বাসভাড়া দীর্ঘদিন ধরে তুলনামূলক বেশি ছিল। বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এর পরিপ্রেক্ষিতে সালাহউদ্দিন আইউবী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। তবে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তিনি সরাসরি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন এবং একইসাথে বাস মালিক সমিতির সাথে ধারাবাহিক আলোচনা চালিয়ে যান।

পরবর্তীতে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি, তেলের মূল্যবৃদ্ধি, কাপাসিয়া সেতুর টোল, প্রশাসনিক জটিলতা, সড়কে নৈরাজ্য এবং চাঁদাবাজিসহ নানা প্রতিবন্ধকতা বিবেচনায় নিয়ে সমঝোতার ভিত্তিতে তিনটি পরিবহনের ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুর থেকে টোক পর্যন্ত অনন্যা ক্লাসিক পরিবহনের ভাড়া ২০০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। অনন্যা পরিবহনের ভাড়া ১৯০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা এবং জলসিঁড়ি পরিবহনের ভাড়া ১৭০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন ভাড়ার টিকিট এখনও মুদ্রণ সম্পন্ন না হওয়ায় আপাতত পুরোনো টিকিটে বিশেষ সিল ব্যবহার করে সংশোধিত ভাড়া কার্যকর করা হবে।

এ বিষয়ে সালাহউদ্দিন আইউবী বলেন, ‘কাপাসিয়ার মানুষের স্বার্থ রক্ষায় আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে কাজ করছি। ধাপে ধাপে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে ভাড়া যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হবে।’

তিনি আরো বলেন, ‘দল-মতের ঊর্ধ্বে উঠে সকলকে সাথে নিয়ে কাপাসিয়ার অব্যবস্থাপনা দূর করে একটি নিরাপদ ও উন্নত জনপদ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’