মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

মঙ্গলবার বিকেলে স্থানীয় কয়েকজন বাড়ির পাশের পুকুরে একটি লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি জিন্দার আলীর বলে শনাক্ত করেন।

Location :

Gopalganj
মৃত জিন্দার আলী শেখ
মৃত জিন্দার আলী শেখ |নয়া দিগন্ত

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে মো: জিন্দার আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দুর্গাপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

মৃত জিন্দার আলী ওই গ্রামের মরহুম জানু শেখের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে জিন্দার আলী নিজ বাড়ি থেকে বের হন। এরপর তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে তার ছেলে মো: ওবাইদুল ইসলাম শেখ ৬ সেপ্টেম্বর মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে স্থানীয় কয়েকজন বাড়ির পাশের পুকুরে একটি লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি জিন্দার আলীর বলে শনাক্ত করেন।

পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।