রাজবাড়ীর পাংশায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে দর্শকের ঢল

ছোট-বড় সব বয়সি মানুষের উপ‌স্থি‌তিতে প্রাণবন্ত হয়ে ওঠে প্রতিযো‌গিতার মাঠ। প্রতিযোগিতায় যশোর, নড়াইল, মাগুরা ও ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে আগত মোট ১৯টি ঘোড়া অংশ নেয়।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
ঐতিহ্যবাহী ঘোড়দৌড়
ঐতিহ্যবাহী ঘোড়দৌড় |নয়া দিগন্ত

রাজবাড়ীর পাংশার মৌরাটের পেপুলবাড়িয়া মাঠে শতবর্ষের ঐতিহ্যকে ধারণ করে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহাসিক ঘোড়দৌড় খেলাকে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর পরিচয় তুলে ধরতেই পেপুলবাড়িয়া যুব সমাজের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় ঘোড়দৌড় প্রতিযো‌গিতা‌ দেখতে আশপাশের গ্রাম ছাড়াও দূর-দূরান্ত থেকে আগত হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক মিলনমেলায়। ছোট-বড় সব বয়সি মানুষের উপ‌স্থি‌তিতে প্রাণবন্ত হয়ে ওঠে প্রতিযো‌গিতার মাঠ। প্রতিযোগিতায় যশোর, নড়াইল, মাগুরা ও ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে আগত মোট ১৯টি ঘোড়া অংশ নেয়।

প্রতিযোগিতায় যশোর-নড়াইল থেকে আসা ‘ডিজে’ নামের ঘোড়া প্রথম, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ‘রেজোয়ান ডায়মন্ড’ দ্বিতীয় এবং যশোর-নড়াইল থেকে অংশ নেওয়া ‘রাফসান’ নামের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে।

প্রতিযো‌গিতা শে‌ষে প্রথম স্থান অধিকারীকে একটি ওয়ালটন ফ্রিজ, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশন এবং তৃতীয় স্থান অর্জনকারীকে দেয়া হয় ২৪ ইঞ্চি স্মার্ট টেলিভিশন।

খেলার বিষয়ে দর্শকরা জানান, ঘোড়দৌড় খেলা দেখে খুব ভালো লাগছে। এ খেলার কথা শুনে কয়েক কিলো‌মিটার দূর থেকে ছেলে-‌মেয়ে‌ নিয়ে এসেছেন তারা। আগে প্রতিটি ইউনিয়নের খোলা মাঠে এই খেলা হত। তবে এখন আর আগের মতো এই প্রতিযো‌গিতা দেখা যায় না।

পেপুলবাড়িয়া যুব সমাজের সভাপ‌তি মো: জাহিদ মন্ডল জানান, এই অঞ্চলে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজনের ঐতিহ্য রয়েছে, যা গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। কিন্তু আধুনিকতার প্রভাবে এ ধরনের আয়োজন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। তাই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্মকে শিকড়ের সাথে পরিচিত করানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।

তারা আরো জানান, ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এই আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরো বেশি প্রতিযোগির অংশ গ্রহণ নিশ্চিত করা যায়।