মিরসরাইয়ে গ্রাম আদালত কার্যকর করার লক্ষে মতবিনিময় সভা

মিরসরাই উপজেলার প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের বিচারিক সেবা নিয়মিত ও কার্যকরভাবে চালু রাখার ওপর উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে গ্রাম আদালত কার্যকর করার লক্ষে মতবিনিময় সভা
মিরসরাইয়ে গ্রাম আদালত কার্যকর করার লক্ষে মতবিনিময় সভা |নয়া দিগন্ত

মিরসরাই উপজেলার প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের বিচারিক সেবা নিয়মিত ও কার্যকরভাবে চালু রাখার ওপর উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে মিরসরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক সাজেদুল আনোয়ার ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান।

সভায় উপজেলার সব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মাঈনউদ্দিন হাসান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্পব্যয়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষকে আইনি সেবা দেয়ার ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পে ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতা রয়েছে। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিয়মিত মামলা গ্রহণ, দ্রুত নিষ্পত্তি এবং জনগণের মধ্যে এ সেবার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ কার্যক্রমকে আরো শক্তিশালী করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, ‘গ্রাম আদালত স্থানীয় জনগণের জন্য দ্রুত ও সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। ইউনিয়ন পরিষদ পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হলে তা উচ্চ আদালতের ওপর চাপ কমানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হয়। এজন্য ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে প্রকল্পের জেলা ব্যবস্থাপক সাজেদুল আনোয়ার ভূঁইয়া বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত, হরিজন, হিজড়াসহ সব নাগরিকের বিচারিক সেবা নিশ্চিতকরণ ও ক্ষমতায়ণে ইউনিয়ন পরিষদে চালু করা হয়েছে গ্রাম আদালত। গ্রাম আদালত কার্যক্রমকে শক্তিশালী করতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি, সচেতনতা কার্যক্রম ও নিয়মিত তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরো প্রাতিষ্ঠানিক ও কার্যকর করার জন্য বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।

সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে গ্রাম আদালতের কার্যক্রমকে আরো কার্যকর করতে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।