ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধান মাড়াই করতে গিয়ে বোমা মেশিনে আরমান (২২) নামে এক যুবকের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার কনিকাড়া দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
আরমান শিবপুর ইউনিয়নের কনিকাড়া দক্ষিণ পাড়ার হাবির মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় এক গৃহস্থের ধান মাড়াইয়ের কাজ করছিলেন আরমান ও তার সহকর্মীরা। এ সময় ব্যবহৃত বোমা মেশিনটি হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে মেশিনটি পরিষ্কার করার জন্য আরমান ভেতরে হাত দিলে হঠাৎ মেশিনটি চালু হয়ে যায়। এতে তার হাতের কব্জি মেশিনের ভেতরে ঢুকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
স্থানীয়দের মতে, ধান মাড়াইয়ের মেশিন ব্যবহারে যথাযথ সতর্কতা না মানার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।



