বরিশাল ব্যুরো
কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক এমপি ও আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেছা আফরোজসহ পাঁচ শীর্ষ নেতার জামিনের প্রতিবাদে আদালত বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বরিশাল আদালত প্রাঙ্গণে আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা।
জামিন পাওয়া অপর নেতারা হলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।
আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম শরীয়তুল্লাহ একাধিক মামলার আসামি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস এবং বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মনিরুল ইসলাম ছবিকে জামিন প্রদান করেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি একই আদালতের বিচারক বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে জামিন দেন।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস.এম সাদিকুর রহমান লিঙ্কন বলেন, “একাধিক গুরুতর মামলার আসামিদের জামিনে আমরা বিস্মিত ও ক্ষুব্ধ। এ ধরনের সিদ্ধান্তে ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে আইনজীবী সমাজের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।”
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, “আমরা এ জামিনের প্রতিবাদে প্রতীকীভাবে আদালত বর্জন করেছি। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।”
এ ঘটনায় আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে জামিনপ্রাপ্ত নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



