গাইবান্ধায় রমজান মাসজুড়ে মিলছে ২ টাকায় আলু

মানবতার সদাই ঘরে রমজান মাসজুড়ে প্রতি কেজি আলু দুই টাকা, পেঁয়াজ ৩০ টাকা, লবণ ১৫ টাকা, চাল ৩০ টাকা, মুড়ি ২০ টাকা, আটা ৩০ টাকা ও ডিম ২৫ টাকা হালিসহ আরো অন্যান্য পণ্য সামগ্রী এক গুণ দাম কমে কিনছেন।

শামীম সরদার, সাদুল্লাপুর (গাইবান্ধা)

Location :

Gaibandha
সাদুল্লাপুরের কান্তনগরে ‘মানবতার সদাই ঘর’
সাদুল্লাপুরের কান্তনগরে ‘মানবতার সদাই ঘর’ |নয়া দিগন্ত

পবিত্র মাহে রমজান মাস এলেই যখন বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার অভিযোগ ওঠে, ঠিক তখনি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুরের কিশামত দশলিয়া এলাকার আব্দুর রহিম সরকার। নিম্নআয়ের মানুষরা যেন ভালোভাবে খেয়ে-পড়ে রোজা রাখতে পারেন, এ লক্ষ্যে ‘মানবতার সদাই ঘর’ নামে একটি দোকান দিয়েছেন তিনি। সেখান থেকে রোজাদার পরিবারের জন্য প্রতি কেজি আলু দুই টাকায় বিক্রিসহ বিভিন্ন নিত্যপণ্য এক গুণ কম দামে বিক্রি করছেন এই আব্দুর রহিম।

সম্প্রতি সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়নের কান্তনগর বাজারে গিয়ে দেখা গেছে, মানবতার সদাই ঘরে ভোক্তাদের উপচে পড়া ভিড়। এখানে পরিবারের চাহিদা অনুযায়ী কম দামে নিত্যপণ্য সামগ্রী কিনছেন ছিন্নমূল পরিবারের মানুষরা। এ সময় তাদের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।

এসব পরিবারের রোজাদার ব্যক্তিরা বলছেন, মানবতার সদাই ঘরে রমজান মাসজুড়ে প্রতি কেজি আলু দুই টাকা, পেঁয়াজ ৩০ টাকা, লবণ ১৫ টাকা, চাল ৩০ টাকা, মুড়ি ২০ টাকা, আটা ৩০ টাকা ও ডিম ২৫ টাকা হালিসহ আরো অন্যান্য পণ্য সামগ্রী এক গুণ দাম কমে কিনছেন।

ইতোমধ্যে আব্দুর রহিম সরকারের এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া পড়েছে জানিয়েছেন স্থানীয়রা।

পণ্য সামগ্রী কিনতে আসা নজরুল ইসলাম ও মরিয়ম বেগমসহ আরো অনেকে আব্দুর রহিম সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। ঊর্ধ্বগতির বাজারে কম দামে ভোগ্যপণ্য কিনতে পেরে অনেকটা স্বস্তি ফিরেছে বলে জানান তারা।

মানবতার সদাই ঘরে দায়িত্বে থাকা কাওছার হাবিব আকাশ বলেন, ‘আমরা চাই অসহায় মানুষগুলো রমজানে স্বস্তিতে থাকুক। এ লক্ষ্যে আমাদের দোকান থেকে নামমাত্র দাম নিয়ে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে।’

সাদুল্লাপুরের কান্তনগরস্থ মানবতার সদাই ঘরের মালিক আব্দুর রহিম সরকার বলেন, ‘এই রমজান মাসে সবাই যেন একটু ভালোভাবে খেতে পারেন, সেই উদ্দেশ্যে দুই টাকা কেজিতে আলুসহ সব ধরনের নিত্যপণ্য একদম কম দামে বিক্রি করছি।’