খালার লাশ দেখে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় নিহত ভাগনি

চট্টগ্রামের মিরসরাইয়ে খালার লাশ দেখে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
কুমিরা হাইওয়ে থানা
কুমিরা হাইওয়ে থানা |সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে খালার লাশ দেখে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় বিবি আয়েশা নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তিনি মারা যান।

নিহত বিবি আয়েশা উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক হাবিবুর রহমান মেস্ত্রী বাড়ির বাসিন্দা।

নিহতের আত্মীয় সিবগাতুল্লাহ খালেদ জানান, বিবি আয়েশার শতবর্ষী খালা সুফিয়া বেগম বার্ধক্যজনিত কারণে মারা যান। তিনি মঙ্গলবার উপজেলার মিঠানালা ইউনিয়নের সৈয়দপুর এলাকার সাহাব উদ্দিন মেম্বারের বাড়িতে যান। আসরের নামাজের পর দাফন শেষে বাড়ি ফেরার পথে বড়তাকিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে রাত ১০টায় মারা যান।

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির রাব্বানি জানান, ‘বড়তাকিয়া এলাকায় দুর্ঘটনায় এক নারীর আহত হওয়ার খবর শুনেছি। তবে হাসপাতালে মারা যাওয়ার বিষয়টি নিয়ে অবগত নই। খোঁজ খবর নিয়ে দেখছি।’