নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেন চালকের দক্ষতায় বিকল হওয়া ট্রাক ও তার চালক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে পাগলা রেলস্টেশনের কাছে পাগলা-দেলপাড়া সড়কের রেললাইনের উপর একটি ট্রাক বিকল হয়ে যায়। এসময় নারায়ণগঞ্জ থেকে একটি ট্রেন ঢাকার দিকে আসছিল। তখন স্থানীয় লোকজন সর্বোচ্চ চেষ্টা করে ট্রাকটি রেললাইন থেকে নামাতে পারেনি। এরমধ্যে ট্রেন খুব কাছে চলে আসে। তখন স্থানীয় লোকজন ট্রাকের সামনে দাঁড়িয়ে ট্রেনের দিকে লাল কাপড় উচু করে ধরে রাখেন। এতে ট্রেন চালক দুর থেকে দেখে কাছে এসে ট্রেনটি থামিয়ে দেন।
এরপর প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেয়া হয়। তবে ট্রেন ও ট্রাকচালকের নাম জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ রেল ফাঁড়ির পুলিশ ইনচার্জ (উপপরিদর্শক) হারুন অর রশিদ জানান, দুপুরের দিকে সংবাদ পেয়ে পাগলা স্টেশনে গিয়ে খোঁজ নিয়ে জানলাম চালক দক্ষতার সাথে ট্রেন থামিয়ে ছিল। কোনো ধরনের দুর্ঘটনা হয়নি। স্থানীয় লোকজনের সহযোগিতায় রেললাইন থেকে ট্রাক দ্রুত সরিয়ে নিয়েছে।



