শেরপুরে ব্যালট বই ছিনতাইয়ের অভিযোগে একজনের ৩ বছরের কারাদণ্ড

সকাল সাড়ে ৯টার দিকে বাইরের কয়েকজন লোক হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দু’টি কক্ষ থেকে তিনটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সময়ের মধ্যে এসে ব্যালট পেপারগুলো উদ্ধার করে। এ ঘটনায় সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল।

মুগনিউর রহমান মনি, শেরপুর

Location :

Sherpur
আটক ও কারাদণ্ডপ্রাপ্ত মো: মাসুদ
আটক ও কারাদণ্ডপ্রাপ্ত মো: মাসুদ |নয়া দিগন্ত

ভোটগ্রহণ চলাকালে শেরপুর-১ (সদর) আসনের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট বই ছিনতাই ও জালভোট দেয়ার অভিযোগে নলবাইদ গ্রামের মো: মাসুদকে আটক এবং তার থেকে ৫৩টি ব্যালট পেপারসহ তিনটি ব্যালট বই উদ্ধার করা হয়।

পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হাসান ভূঁইয়ার আদালতে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

অপরদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মো: বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর আদালতে দুই হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়।

নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো: শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাইরের কয়েকজন লোক হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দু’টি কক্ষ থেকে তিনটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সময়ের মধ্যে এসে ব্যালট পেপারগুলো উদ্ধার করে। এ ঘটনায় সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে স্বাভাবিক ভোটগ্রহণ কার্যক্রম চালু হয়।

এদিকে সরেজমিনে ভোটকেন্দ্র পরিদর্শনকালে শেরপুর-১ আসনের তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র লাগোয়া আলিনাপাড়া গ্রামের ৭০ বছর বয়সী ভোটার মো: শরাফত আলী ও ৪৫ বছর বয়সী ভোটার মো: হেলাল উদ্দিন বলেন, এরকম সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ভোট এর আগে কখনো দেখিনি। আজ আমরা সবাই যার যার ভোট দিতে পেরেছি। এর আগের নির্বাচনগুলোতে ভোট দিতে গিয়ে দেখতাম, আমাদের ভোট নিয়ে নেয়া হয়েছে। এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকাও ছিল নিরপেক্ষ ও খুবই সুন্দর।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বারমাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের লাগোয়া ৪৫ বছর বয়সী নারী ভোটার মনোয়ারা বেগম বলেন, এ রকম সুষ্ঠু, সুন্দর ভোট এর আগে আর দেহি নাই (দেখি নাই)। এইবার আমার ভোটটা আমি দিবার পাইছি (দিতে পেরেছি)।