ত্রিশালে চলন্ত ট্রেনে আগুন, আড়াই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আউলিয়ানগর এলাকায় বিকেল ৪টার দিকে চলন্ত আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় আড়াই ঘণ্ট ট্রেন বন্ধ থাকে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Trishal
ত্রিশালে চলন্ত ট্রেনে আগুন, আড়াই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
ত্রিশালে চলন্ত ট্রেনে আগুন, আড়াই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক |সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আউলিয়ানগর এলাকায় চলন্ত আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় আড়াই ঘণ্টা ট্রেন বন্ধ থাকে। পরে সন্ধ্যা ৭টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি আউলিয়ানগর এলাকা অতিক্রমের সময় হঠাৎ ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে রেলওয়ের কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেক যাত্রী নিরাপত্তার জন্য ট্রেন থেকে নেমে আশপাশে অবস্থান নেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ প্লাটফর্ম স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল হারুন জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর ইঞ্জিন পরীক্ষা করা হয়। প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যা ৭টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সংশ্লিষ্ট ট্রেনটি পরবর্তীতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পর রেলওয়ের রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।