মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে তারেক আহমদ হত্যা মামলার এজাহারভুক্ত মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১) নামে তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে রাজনগর থানার পুলিশ।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম শহরের খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সাথে তার প্রতিবেশী আতিক আহমদের (২২) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিক ও তার সহযোগিরা ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত তারেকের বড় বোন সেলিনা জান্নাত সুমার অভিযোগের প্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, ‘তারেক হত্যা মামলার তিন আসামিকে ২ মার্চ চট্টগ্রাম থেকে গ্রেফতারের পর ৩ মার্চ দুপুরে রাজনগর থানায় নিয়ে আসা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র (চাকু) উদ্ধারের অভিযান অব্যাহত আছে।’



