টাঙ্গাইলের ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণী সংঘবদ্ধ ধর্ষনের শিকার হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ধানক্ষেত থেকে হাত-পা বাধা অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, উপজেলার জিগাতলা গ্রামের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। প্রতিদিনই সড়কে চলাফেরা করত সে। বুধবার রাতে বৃষ্টি হওয়ায় পরিবারের লোকজনের ধারণা ছিল সে বাড়িতেই আছে। তাই বাড়ির দরজা বন্ধ করে দেয় পরিবারের লোকজন।
সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাধা বিবস্ত্র অবস্থায় দেখতে পায় ওই তরুণীকে। রাতভর পাশবিক নির্যাতনের পর বিবস্ত্র অবস্থায় তাকে ফেলে যায় দুষ্কৃতকারীরা। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
স্থানীয়রা জানায়, ভারসাম্যহীন মেয়েটিকে সবাই ভালোবাসতো। তার সাথে এমন ঘটনা কেউ মেনে নিতে পারছে না।
মাদকাসক্তরা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে ধারণা এলাকাবাসীর। জড়িতদের খুঁজে বের করে কঠিন শাস্তি দাবি তাদের।
এ দিকে ঘটনাস্থল পরিদর্শন করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



