লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিএনপি, চরমোনাইসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৪৮ জন নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত যোগদান অনুষ্ঠানে তারা জামায়াতের আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা প্রকাশ করে দলে যোগ দেন। জামায়াত নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন— বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিনের ছোট ভাই রিয়াজ হোসেন রাজন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনসুর আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মীরা।
নবাগতরা জানান, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত রাজনীতির প্রত্যাশা থেকেই তারা জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলার আমির নাজমুল হাসান পাটোয়ারী, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ১১ দলীয় জোট প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ পৌরসভা জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্নাসহ দলীয় নেতাকর্মীরা।
উপজেলা আমির নাজমুল হাসান পাটোয়ারী বলেন, এই যোগদান রামগঞ্জে জামায়াতের সাংগঠনিক ভিত্তিকে আরো শক্তিশালী করবে।



