জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইরমারি গ্রামের সুখী (১৬) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ মে) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি বটতলা গ্রামে এ ঘটনাটি ঘটে।
সুখী ওই গ্রামের আবদুল মালেক খোকার মেয়ে এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার দুপুরে সবার অজান্তে তাদের নিজ বসতঘরের কাঠের ধরনার সাথে নিজের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন।
পরে প্রতিবেশী রুবিনা আক্তার ঘরে ঢুকে সুখীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে পরিবারের লোকজন ও আশপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন নয়া দিগন্তকে জানান, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হবে।’
তিনি আরো বলেন, ‘কী কারণে ওই কিশোরী আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’



