নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মেঘনা শিল্প নগরীর প্রতাপের চর এলাকায় ফ্রেশ সল্ট কোম্পানিতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মেহেদী হাসান উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরীর প্রতাপের চর এলাকার ফ্রেশ সল্ট কোম্পানিতে মেহেদী হাসান গ্যাস সিলেন্ডার লোড-আনলোডের কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্যাস সিলিন্ডার আনলোডের কাজ করার সময় একটি সিলেন্ডারের বিস্ফোরণ ঘটে। এ সময় মেহেদী হাসান ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কুমার আচার্য্য বলেন, গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



