রাঙ্গামাটিতে যাত্রীবাহী লঞ্চে জ্বালানি সঙ্কট, জেলা প্রশাসকের কাছে আবেদন

ঈদের আগে নৌযান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা

রাঙ্গামাটির ছয়টি উপজেলার মানুষের জীবনযাত্রা নৌপথের ওপর অনেকটাই নির্ভরশীল। জ্বালানি না পেলে লঞ্চ চালানো সম্ভব নয়। এতে একদিকে সাধারণ যাত্রীরা বিপাকে পড়বেন, অন্যদিকে লঞ্চ মালিকদেরও বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
জ্বালানি সঙ্কটে রাঙ্গামাটিতে নৌযান চলাচল বন্ধের আশঙ্কা
জ্বালানি সঙ্কটে রাঙ্গামাটিতে নৌযান চলাচল বন্ধের আশঙ্কা |নয়া দিগন্ত

রাঙ্গামাটিতে জ্বালানি তেলের সঙ্কটের কারণে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে দুর্গম নৌপথনির্ভর ছয়টি উপজেলার হাজারো মানুষ চরম যাতায়াত সঙ্কটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আসন্ন ঈদকে সামনে রেখে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে বলে সতর্ক করেছেন লঞ্চ মালিক ও পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। এ অবস্থায় রাঙ্গামাটির অভ্যন্তরীন নৌযান সচল রাখতে জরুরি ভিত্তিতে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার (১২ মার্চ) রাঙ্গামাটির জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থা রাঙ্গামাটি জোনের নেতারা।

নেতৃবৃন্দ জানান, রাঙ্গামাটি জেলার ছয়টি উপজেলার মানুষের প্রধান যাতায়াত মাধ্যম নৌপথ। কিন্তু হঠাৎ করে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আসন্ন ঈদে যাত্রীদের চরম দুর্ভোগের শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে লঞ্চে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান মঈন উদ্দিন স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার ছয়টি উপজেলার মানুষের জন্য নৌপথই একমাত্র যাতায়াতের প্রধান মাধ্যম। কিন্তু সম্প্রতি বিভিন্ন তেল সরবরাহকারী প্রতিষ্ঠান হঠাৎ করে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেয়ায় জেলার নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলো মারাত্মক জ্বালানি সঙ্কটে পড়েছে। এতে অচিরেই নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আবেদনে বলা হয়, সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ নৌপথে বাড়িতে যাতায়াত করে থাকে। কিন্তু জ্বালানি সঙ্কটের কারণে যদি লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার মানুষ বিকল্প যোগাযোগ ব্যবস্থার অভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে।

লঞ্চ মালিকদের দাবি, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ পরিস্থিতি দিন দিন অনিশ্চিত হয়ে উঠছে। এর ফলে আগামী দিনগুলোতে এই সঙ্কট আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাই পরিস্থিতি বিবেচনায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন তারা।

সংগঠনের চেয়ারম্যান মঈন উদ্দিন বলেন, রাঙ্গামাটির ছয়টি উপজেলার মানুষের জীবনযাত্রা নৌপথের ওপর অনেকটাই নির্ভরশীল। জ্বালানি না পেলে লঞ্চ চালানো সম্ভব নয়। এতে একদিকে সাধারণ যাত্রীরা বিপাকে পড়বেন, অন্যদিকে লঞ্চ মালিকদেরও বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।

তিনি আরো বলেন, রাঙ্গামাটি জেলার বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলো সচল রাখতে জরুরি ভিত্তিতে তেল সরবরাহের ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, জেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেবেন, যাতে ঈদের আগে নৌপথে যাত্রী চলাচল স্বাভাবিক রাখা যায় এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।