দিনাজপুরের নবাবগঞ্জে মাদক বিক্রেতাকে শেল্টার দেয়ার অভিযোগে ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ওসমান গনি বাবুর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে ওসমান গনি বাবুরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্যপদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ স্থগিত থাকবে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন বলেন, ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে অন্যায়কারী, দলের সুনাম নষ্টকারী এবং মাদক বিক্রেতাদের শেল্টারদাতাদের কোনো জায়গা নেই। এরই পরিপ্রেক্ষিতে ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওসমান গনি বাবুর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।’


