মজিবুর রহমান মঞ্জু

জুলাইয়ের বিপক্ষে কিছু হলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব

‘আমরা অনুরোধ করব আপনারা গণঅভ্যুত্থানকে হেয় করবেন না। জুলাই আন্দোলনের অঙ্গীকার ও জুলাই সনদ নিয়ে আপনারা যে ভুল প্রদক্ষেপ নিচ্ছেন সেখান থেকে সরে আসেন।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু |নয়া দিগন্ত

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘জুলাইয়ের বিপক্ষে কিছু হলে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। আমরা জুলাইয়ের পক্ষে প্রয়োজনে জোট আরো বড় করব। জুলাইয়ের ব্যাপারে আমরা কোনো ধরনের ছাড় দেবো না।’

তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে বিএনপি এখন সংবিধান দেখিয়ে দেয়। তারা এটা আদালতে পর্যন্ত নিয়ে গিয়েছে। কথা ছিল যে আমরা জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করব না, চ্যালেঞ্জ করতে দেবো না এবং কোনো প্রশ্ন তুলতে দেবো না। কিন্তু সেটা আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হলো।’

সোমবার (৯ মার্চ) ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা তাদের বলতে চাই, সংবিধানের কোন অংশের বলে আপনাদের গুম করা হয়েছিল, খালেদা জিয়াকে জেলে নেয়া হয়েছিল, তারেক রহমানকে দেশান্তরিত করা হয়েছিল। আপনারা সংবিধানের কোনো অনুচ্ছেদের বলেই গুম হন নাই, জেলে যান নাই, দেশান্তরিত হন নাই এবং সাংবিধানিকভাবে দেশে ফিরেও আসেন নাই।’

তিনি বলেন, ‘আপনারা দেশে ফিরে আসছেন সংবিধান বহির্ভূত গণঅভ্যুত্থানের মাধ্যমে। আপনারা জেল থেকে মুক্তি পাইছেন এই গণঅভ্যুত্থানের রক্তের বদলে। এতো দ্রুত রক্তের স্রোত ভুলে যাইয়েন না। এতো দ্রুত মানুষের অশ্রুকে ভুলিয়েন না।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আপনারা সশরীরে গণঅভ্যুত্থানে অংশ নেন নাই, অংশ নিতে পারেন নাই। কিন্তু গণঅভ্যুত্থানে আপনাদের ভূমিকা আছে। আপনাদের ভূমিকা আমরা অস্বীকার করছি না। আপনারা সশরীরে অংশ নেন নাই বলে আজ আপনাদের পদক্ষেপ গণঅভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে। এই যে বিপক্ষে আপনারা অবস্থান নিচ্ছেন জাতি তা স্বরণে রাখবে। মায়ের চোখের পানি, বোনের ভাই হারানোর বেদনা এবং হাজারো মানুষের আর্তনাদ কোনোদিনও বাংলাদেশে বৃথা যাবে না।’

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা অনুরোধ করব আপনারা গণঅভ্যুত্থানকে হেয় করবেন না। জুলাই আন্দোলনের অঙ্গীকার ও জুলাই সনদ নিয়ে আপনারা যে ভুল প্রদক্ষেপ নিচ্ছেন সেখান থেকে সরে আসেন। আপনারা যদি সরে না আসেন তাহলে আমরা রাজপথের মাধ্যমে তা মোকাবেলা করব। আমরা প্রথমে সমঝোতার মাধ্যমে চেষ্টা করতেছি। যদি তা সম্ভব না হয় তাহলে তা রাজপথ পর্যন্ত যাবে।’

তিনি আরো বলেন, ‘বিএনপির নেতারা একসময় মজলুম ছিলেন। আমরা মজলুম ছিলাম। কিন্তু আমরা বলব, এখন আপনারা জালিম হয়েন না। আমরা জানি সবাই কথা বললে বিএনপি আওয়ামী লীগ হতে পারবে না। কিন্তু বিএনপি যদি আওয়ামী লীগ হয়ে যায় তাহলে আমরা কার কাছে যাব? সুতরাং আমরা চাই বিএনপি জালিম না হয়ে উঠুক।’

এ সময় এবি পার্টির কেন্দ্রীয় নেতা শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ ও সদস্য সচিব ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।