মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে সদর উপজেলার মোস্তফাপুরে চলে এ সংঘর্ষ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তফাপুরের ইদ্রিস হাওলাদার ও সামচু সরদারের সাথে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। অর্ধশত ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। ব্যাপক ভাংচুর করে, শাহীন হাওলাদারের মোবাইলের দোকান, রাকিবুল ইসলামের ঢাকা বিরিয়ানীর দোকানসহ বেশকয়েকটি দোকান লুটপাট করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত হয় অন্তত ৬ জন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এই ঘটনায় নেয়া হবে আইনগত ব্যবস্থা।



