‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম এমপি (সুনামগঞ্জ-৪) ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো: আব্দুর রহিম।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরো কার্যকর করতে হাওর ও দুর্গম অঞ্চলে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এই লক্ষ্যে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে ইতোমধ্যে একাধিক সভা করে সম্ভাব্য সমাধান ও করণীয় নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে। সুনামগঞ্জ পিটিআই ভবনে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘যখন আমরা স্কুল ফিডিং শুরু করি, তখন অনেক জায়গায় ভুলত্রুটি ধরা পড়ছিল। এজন্য নিয়মগুলো শক্ত ও পরিবর্তন করেছি। প্রত্যেকটি সাপ্লাইয়ারকে ফুড টেকনিশিয়ান হায়ার করতে হবে। তারা ওকে করার পর খাবার বিদ্যালয়ে যাবে। আমাদের শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসাররা কারখানাগুলোতে সারপ্রাইজ ভিজিটে যাবেন। খাবার পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। স্কুলে মায়েদের নেতৃত্বে কমিটি করা হয়েছে, যারা খাবার আসার পর পরীক্ষা করবেন। যারা খাবার ডেলিভারি দেবেন, তাদের জাতীয় পরিচয়পত্রসহ সব তথ্য বিদ্যালয়ে থাকতে হবে। যে জায়গায় এসব নিয়ম মানা হচ্ছে, সেখানে আমরা জিরো ত্রুটিতে চলে এসেছি। তবুও যদি কোনো অনিয়মের ঘটনা ঘটে, তাহলে দায়িত্বশীলসহ সাপ্লাইয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
এরপর প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্থানীয় সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে সাথে নিয়ে তাহিরপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন।



