মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সোহাগ কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)
ট্রেন
ট্রেন |ইন্টারনেট

চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রেহান উদ্দিন সোহাগ (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সোহাগ কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জোরারগঞ্জ এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোহাগ স্থানীয় মামা ফকির আস্তানা এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দ্রুতগতির মেঘনা এক্সপ্রেস ট্রেন চলে এলে তিনি রেললাইন থেকে সরে যেতে না পারায় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ রেললাইনের দু’পাশে ছড়িয়ে পড়ে। কিছু অংশ উদ্ধার করা গেলেও বাকিগুলো পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করে।

সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন সিদ্দিকী বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুততম সময়ে ঘটনাস্থলে যাই এবং লাশের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’