ময়মনসিংহ সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম। তিনি ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা। অপর নিহত শিপা আক্তার (৩২), ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রভাষক সারোয়ার কাইয়ুম নিহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে শিপা আক্তারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর এক নারীকে মৃত ঘোষণা করা হয়। লাশ মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার এসআই মো. খালিদ হাসান বলেন, সিএনজি অটোরিকশা-লরি সংঘর্ষে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



