কুমিল্লায় ফারিয়ার মৃত্যু : স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিয়ের পর থেকে তার স্বামী ও পরিবারের লোকজন পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে। ফারিহা তার স্কুলশিক্ষক বাবার কাছ থেকে টাকা এনে দিতে না পারায় পরিবারে আরো কলহ দেখা দেয়।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
নিহত জান্নাতুন নাঈম ফারিহা
নিহত জান্নাতুন নাঈম ফারিহা |ফাইল ছবি

কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুন নাঈম ফারিহার (২৩) মৃত্যুর ঘটনায় তার স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (৬ মে) রাতে ফারিহার বাবা মো: হানিফ হত্যার অভিযোগে পাঁচজনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

মামলায় ফারিহার স্বামী মেহেদী হাসান হৃদয়, বাবা আবদুর রহিম, মা আফরোজা বেগম, ননদ রীমা আক্তার ও তার স্বামী জাকারিয়াকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁ ইউনিয়নের কান্দাল গ্রামের স্কুলশিক্ষক মো: হানিফ মিয়ার বড় মেয়ে ফারিহা ও মেঘনা উপজেলার আবদুর রহিমের ছেলে হৃদয় একই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে প্রেমের সম্পর্কে জড়ান। পরে উভয় পরিবারের সম্মতিতে গত বছরের ৮ সেপ্টেম্বর ১৫ লাখ টাকার দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামী ও পরিবারের লোকজন পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে। ফারিহা তার স্কুলশিক্ষক বাবার কাছ থেকে টাকা এনে দিতে না পারায় পরিবারে আরো কলহ দেখা দেয়।

এ নিয়ে একাধিকবার তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ফারিহার বাবা নাঙ্গলকোটের স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হানিফ মিয়া বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে আসামিরা হত্যার পর সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে ৯৯৯-এ কল করে পুলিশ ডেকে আনে। থানায় লাশ নেয়ার পর আমাদের জানানো হয় ফারিহা আত্মহত্যা করেছে।’

তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘ফারিহার বাবার অভিযোগ আপাতত আত্মহত্যার প্ররোচনার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকে ফারিহার স্বামীসহ অন্যরা পলাতক রয়েছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি (মুন্সেফবাড়ি) এলাকার কাশেম গার্ডেন নামের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে পুলিশ ফারিহার লাশ উদ্ধার করে। ফারিহা কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে ৬ষ্ঠ সেমিস্টারে পড়ছিলেন।

নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।