মুন্সিগঞ্জ সদরে ভোটকেন্দ্রের সামনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক পথচারীও রয়েছেন।
বুধবার (১১ জানুয়ারী) বিকেল পৌনে ৫টার দিকে শিলই ইউনিয়নের পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, ভোটকেন্দ্রের সামনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে মাথায় রক্তাক্ত জখম অবস্থায় জয় (৩২) ও জুয়েল (৪২) ও হাত ভাঙা অবস্থায় আব্দুল জব্বার বেপারি (৫৩) নামে তিনজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয় বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমিনুল ইসলাম বলেন, ‘বিকেলে ধানের শীষ প্রতীকের সমর্থকদের একটি মিছিল থেকে ফুটবল প্রতীকের সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা হয়েছে কি-না তা জানা যায়নি। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।



